• সিলেট, রাত ৩:৫৮, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শামীমাবাদে প্রবাসী ছাত্রলীগ নেতাকে না পেয়ে আত্মীয়ের ওপর হামলা, ভাড়াটিয়া বাসায় ভাঙচুর

admin
প্রকাশিত মে ৩, ২০২৫
শামীমাবাদে প্রবাসী ছাত্রলীগ নেতাকে না পেয়ে আত্মীয়ের ওপর হামলা, ভাড়াটিয়া বাসায় ভাঙচুর

স্টাফ রিপোর্টার:: সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুক্তরাজ্যপ্রবাসী ছাত্রলীগ নেতা আল আমিনের ভাড়া বাসায় বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে একদল মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতকারী এই হামলা চালায়। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী আল আমিন। তাকে না পেয়ে দুষ্কৃতকারীরা তার আত্মীয় ফরহাদ আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আল আমিনের পিতা মোঃ বরকত আলী জানান, তার ছেলে আল আমিন দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তিনি সাবেক গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের ফলে প্রতিপক্ষ জামায়াত, বিএনপি ও এনসিপি দলের রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজ বাড়ি গোয়াইনঘাটে নিরাপদ বোধ না করায় পরিবার নিয়ে সিলেট শহরের শামীমাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় আশ্রয় নেন। তার ধারণা, মিথ্যা গুজব ছড়িয়ে আল আমিন দেশে অবস্থান করছেন—এমন ধারণা থেকে তাকে খুঁজতে হামলাকারীরা এ ঘটনা ঘটায়।

হামলাকারীরা লন্ডনে অবস্থানরত আল আমিনের খোঁজ করতে থাকে। যখন তারা জানতে পারে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তখন চিৎকার করে বলতে থাকে, “আল আমিন লন্ডনে গিয়েও বাঁচতে পারবে না, দেশে ফিরলেই তাকে শেষ করে দেওয়া হবে।”

হামলাকারীরা পুরো বাসায় আল আমিনকে হন্যে হয়ে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা আসবাবপত্র ও জানালার কাঁচ ভাঙচুর করে। এ সময় আল আমিনের আত্মীয় ফরহাদ আহমদ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ফরহাদ আহমদকে বৃহস্পতিবার রাতেই সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে জখম গভীর হওয়ায় তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ঘটনার পর থেকে আল আমিনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আল আমিনের পিতা মোঃ বরকত আলী আতঙ্কিত অবস্থায় জানান, “আমার ছেলে সাংগঠনিক সম্পাদক হওয়ায় তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে তারা হন্যে হয়ে খুঁজছে। গত বৃহস্পতিবার হামলার পর থেকে আমরা প্রাণভয়ে একেক সময় একেক জায়গায় লুকিয়ে আছি।”