বড়লেখা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি এমপির
নিজস্ব প্রতিনিধি আব্দুল হাফিজ চৌধুরী
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে একটি জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য।
এ ছাড়া চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি বিভাগে রোগীদের সেবার মান বাড়াতে তিনজন স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হাসপাতালের পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কারের প্রস্তাবও উত্থাপন করা হয়। চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনসহ কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুয়েল কামাল, নাগরিক টিভির বড়লেখা প্রতিনিধি ইমন আহমদ, চ্যানেল এস-এর বড়লেখা প্রতিনিধি মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।