• সিলেট, বিকাল ৫:৩৫, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

​বড়লেখায় শিক্ষকদের অবহেলায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী আহত: তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন

admin
প্রকাশিত মে ১০, ২০২৬
​বড়লেখায় শিক্ষকদের অবহেলায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী আহত: তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন
​বড়লেখায় শিক্ষকদের অবহেলায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী আহত: তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদ
​নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীর নাম জায়ান হোসেন, সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
রোববার (১০ মে ) শিক্ষার্থীর বাবা জাকির হোসেন খোকন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
​ আবেদনের তথ্যমতে, গত ৯ মে শনিবার বিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা থাকায় সকাল আনুমানিক ৯:৪৫ মিনিটে জায়ান হোসেনকে তার বাবা বিদ্যালয়ে পৌঁছে দেন। ওই সময় বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষ খোলা থাকলেও কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে অভিভাবক ফিরে আসেন।
​পরবর্তীতে সকাল ১০:৩০টার দিকে বিদ্যালয় থেকে ফোন পেয়ে তিনি দ্রুত সেখানে গিয়ে দেখেন, তার ছেলে জায়ান হোসেন গুরুতর আহত হয়েছে এবং তার পা থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পায়ে ৯টি সেলাই প্রদান করেন।
স্থানীয়ভাবে জানা গেছে, শিক্ষকরা সময়মতো উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে অবাধে খেলাধুলা করছিল। এ সময় বিদ্যালয়ের দোলনার একটি ধারালো অংশে আঘাত লেগে শিশুটির পা মারাত্মকভাবে কেটে যায়।
​আবেদনে অভিভাবক অভিযোগ করেন যে, শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি ও দায়িত্বহীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় অভিভাবকদের দীর্ঘদিনের অভিযোগ—এই বিদ্যালয়ের শিক্ষকরা প্রায়ই নির্ধারিত সময়ে উপস্থিত হন না, যার ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিশুদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
​এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদনের একটি অনুলিপি বড়লেখা প্রেসক্লাবকেও প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাথমিকশিক্ষা অফিসার জুবায়ের আলম এর সাথে যোগাযোগ করেলে তিনি বলেন বিষয় তদন্ত কাজ চলছে