• সিলেট, বিকাল ৫:২৬, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বড়লেখায় পল্লী বিদ্যুৎ লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ।

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বড়লেখায় পল্লী বিদ্যুৎ লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ।

মোঃ নজরুল  ইসলামের প্রতিবেদনে।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের কামরুল ইসলামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, গ্রাহক ভোগান্তি এবং সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ২১ এপ্রিল সকালে সরেজমিনে এলাকায় গেলে
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে এলাকায় একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে ভুক্তভোগীরা দ্রুত সংযোগ পুনঃস্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। অফিস সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এজিএম রুহুল আমিন সকালে লাইনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট লাইনম্যান কামরুল ইসলামকে নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, লাইনম্যান নিজে ঘটনাস্থলে উপস্থিত না হয়ে অফিসের বাইরের দু’জন ব্যক্তিকে পাঠান। তারা গিয়ে লাইন ছিঁড়ে থাকার বিষয়টি নিশ্চিত করলেও দীর্ঘ সময় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগী নাঈম আহমদ, সহ অনেকেই জানান, সকালে বিষয়টি জানানো হলেও রাত ১০টা পর্যন্ত লাইন মেরামত করা হয়নি। ফলে পুরো এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এবং গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। পাশাপাশি ছেঁড়া বিদ্যুৎ লাইনের কারণে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ আরও রয়েছে, পরবর্তীতে গ্রাহকরা অফিসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেন, লাইন মেরামত করা হয়েছে। কিন্তু বাস্তবে সেটি সঠিক ছিল না, যা গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এদিকে, এ বিষয়ে জানতে এক সংবাদ কর্মী, লাইনম্যান কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, পল্লী বিদ্যুতের এমন অবহেলার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় এবং অতীতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট লাইনম্যানের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তারা।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।