তাহিরপুর প্রতিনিধি:
দেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এলেও সুনামগঞ্জের তাহিরপুরে এখনও বহাল তবিয়তে রয়েছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের দৌরাত্ম্য। এর চরম মূল্য দিতে হচ্ছে জাদুকাটা নদী তীরবর্তী সাধারণ মানুষকে। নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীরূপ বদলে গিয়ে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে নদীপাড়ের জনপদগুলো।
অনুসন্ধানে জানা যায়, জাদুকাটা নদীতে বিরামহীনভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এই ধ্বংসযজ্ঞের কারণে নদীর তীর সংলগ্ন ঘাগটিয়া গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর ও বসতভিটা এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে। স্থানীয় বাসিন্দারা ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। অথচ নদীভাঙন রোধে বা অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্টদের।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সাথে এক ধরনের অদৃশ্য আঁতাত বা যোগসাজশের ফলেই নির্বিঘ্নে চলছে এই অবৈধ বাণিজ্য। জাদুকাটা নদীর পাড় বিলীন করার এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন তাওহিদুল ইসলাম ও আনহারুল ইসলাম আনসার নামক দুই ব্যক্তি। এরা দুজনই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে এলাকায় পরিচিত। ক্ষমতার পালাবদল ঘটলেও তাদের ছায়াতলে থাকা এই চক্রটি ঠিকই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে পুলিশ বা স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। আইনি প্রক্রিয়াকে তোয়াক্কা না করে উল্টো আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা। বর্তমানে দিনে-রাতে দিনদুপুরে ও রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) ও ড্রেজার বসিয়ে জাদুকাটা নদীর তীর কেটে অবাধে বালু উত্তোলন করছে তাওহিদুল ইসলাম ও আনহারুল ইসলাম আনসার গং।
পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে শুধু ঘাগটিয়া গ্রামই নয়, তাহিরপুরের ভূ-প্রকৃতি ও নদীর বাস্তুতন্ত্র স্থায়ীভাবে ধ্বংস হয়ে যাবে। অনতিবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জাদুকাটা নদী রক্ষায় প্রশাসনের জোরালো হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।