একদিন স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় মাত্র একদিন স্কুলে অনুপস্থিত থাকার কারণে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন। পরিবারের অভিযোগ, গত সোমবারের ঝড়-বৃষ্টির কারণে বিদ্যালয়ে যেতে পারেনি সে। পরদিন বিদ্যালয়ে গেলে একদিন অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকারী শিক্ষক আব্দুস সালাম।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে লাঠি দিয়ে তামিমকে বেধড়ক মারধর করেন ওই শিক্ষক। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বুধবার শিক্ষার্থীর বাবা নূর উদ্দিন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষার্থীর পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।