বড়লেখায় ভারতীয় নাগরিকসহ আটক ২: পৃথক ৩ মামল
মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পৃথক অভিযানে এক ভারতীয় নাগরিক এবং ইয়াবাসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ১৭ জুন বুধবার দুপুরে উপজেলার ডিমাই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে বড়লেখার ডিমাই সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় আলী হোসেন (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটক আলী হোসেন ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেউটি গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে একই সীমান্ত এলাকা থেকে ফখরুল উদ্দিন (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ফখরুল বড়লেখা থানার ডিমাই গ্রামের ফরিদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং ২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বিজিবি আটককৃত আসামিদের জব্দ তালিকা ও আলামতসহ বড়লেখা থানায় হস্তান্তর করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে The Control of Entry Act, 1952, এবং বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ও The Special Powers Act, 1974 (বিশেষ ক্ষমতা আইন) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।