বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল ঘি ও খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বারইগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বড়লেখার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, পাম ওয়েল ব্যবহার করে ভেজাল ঘি, মাওয়া ও অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এসব পণ্য বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৫২ ও ৫৩ ধারার লঙ্ঘনের দায়ে একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সংশ্লিষ্টদের খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে আইন মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।