বড়লেখায় ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ, অর্ধশত প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ।
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।
মৌলভীবাজারের বড়লেখায় কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অর্ধশত প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের সদস্যরা উৎসাহ ও সক্রিয়তার সঙ্গে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষক মো. এমরান আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের হাঁস-মুরগি পালনকে লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিভিন্ন কলাকৌশল, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ এবং সুষম খাদ্য ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
বক্তারা বলেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাধ্যমে কিশোরীরা হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তারা পরিবার ও সমাজে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। পাশাপাশি বাল্যবিবাহ, শিক্ষাঝরে পড়া এবং বিভিন্ন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সচেতন ও সাহসী হয়ে উঠবে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বড়লেখার কাঁঠালতলী অফিসের অফিসার অল্লিকা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. রুয়েল কামাল, বেসরকারি টেলিভিশন চ্যানেলে এস বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম,চ্যানেল ১ বড়ালাকা প্রতিনিধি ইমন আহমদ সহ আজ এবং কমিউনিটি অর্গানাইজার শামীমা আক্তার। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।