• সিলেট, রাত ১২:৩৮, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখার ওসি মনিরুজ্জামান ও এএসআই সুলতান সিলেট বিভাগের শ্রেষ্ঠ পুরস্কৃত

admin
প্রকাশিত জুন ১০, ২০২৬
বড়লেখার ওসি মনিরুজ্জামান ও এএসআই সুলতান সিলেট বিভাগের শ্রেষ্ঠ পুরস্কৃত

​মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।

আইন-শৃঙ্খলা রক্ষা, ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি  মনিরুজ্জামান খান। একই সাথে শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন বড়লেখা থানার এএসআই মোঃ সুলতান আহমেদ।

​আজ বুধবার (১০ জুন) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় মে/২০২৬ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও প্রশংসাপত্র প্রদান করা হয়।

​সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অপরাধ সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চার জেলার পুলিশ সুপারগণ এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  নোবেল চাকমা।

​সভায় মে মাসে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেফতার ও আইনি সেবা নিশ্চিতকরণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এছাড়া ওয়ারেন্ট তামিল ও পেশাদারিত্বের জন্য বড়লেখা থানার এএসআই মোঃ সুলতান আহমেদকে শ্রেষ্ঠ এএসআই-এর পুরস্কার প্রদান করা হয়।

​এই গৌরবোজ্জ্বল অর্জনে এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, “এই অর্জন বড়লেখা থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের যৌথ স্বীকৃতি। এই পুরস্কার আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বড়লেখা থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।”