• সিলেট, বিকাল ৪:৫১, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখার চা বাগানে ভুয়া এএসপি ও সিআইডি পরিচয় দেওয়া সেই প্রতারক গ্রেফতার

admin
প্রকাশিত জুন ৮, ২০২৬
বড়লেখার চা বাগানে ভুয়া এএসপি ও সিআইডি পরিচয় দেওয়া সেই প্রতারক গ্রেফতার

বড়লেখার চা বাগানে ভুয়া এএসপি ও সিআইডি পরিচয় দেওয়া সেই প্রতারক গ্রেফতার

​মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনবাগ চা বাগান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া এএসপি (ASP) এবং সিআইডি (CID) কর্মকর্তা পরিচয় দিয়ে নিরীহ চা শ্রমিকদের ব্ল্যাকমেইল করার সময় স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন ২০২৬ তারিখে নিউ সমনবাগ চা বাগান এলাকার এক সরল-সোজা চা শ্রমিকের কাছে গিয়ে নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেয় ওই ব্যক্তি। পরে একটি মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক ওই শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়।

​ঘটনার পর লোভের বশবর্তী হয়ে ওই প্রতারক পুনরায় এলাকায় এসে অন্য মানুষের সাথে একই কায়দায় প্রতারণার চেষ্টা চালায়। এ সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় চা শ্রমিক ও এলাকাবাসী তাকে চারপাশ থেকে ঘেরাও করে আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে বড়লেখা থানায় সংবাদ দেয়।

​খবর পেয়ে বড়লেখা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে। পরে উপস্থিত জনতার সামনে জিজ্ঞাসাবাদে সে পুলিশের কোনো কর্মকর্তা নয় বলে স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল বলে নিশ্চিত করে। পুলিশ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) এবং মোবাইল ফোন জব্দ করেছে।

​এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।