• সিলেট, বিকাল ৩:৫৫, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আনন্দ টিভির অ্যাসাইনমেন্ট এডিটরের বাসায়  হামলা:সাংবাদিক সংগঠনের নিন্দা

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
আনন্দ টিভির অ্যাসাইনমেন্ট এডিটরের বাসায়  হামলা:সাংবাদিক সংগঠনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের পেছনে অবস্থিত তার বাসায় পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ঘটনার সময় জয়নাল আবেদীন বাসায় উপস্থিত ছিলেন না। হামলাকারীরা বাসার জানালা ভাঙচুর করে এবং ভেতরে থাকা পরিবারের সদস্যদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তারা জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একবার দুর্বৃত্তরা জয়নাল আবেদীনের বাসায় হামলা চালিয়েছিল। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরিবারটি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। সিলেটের টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) ‘ইমজা’-র সাধারণ সম্পাদক আনিস রহমান বলেন, একজন মূলধারার টেলিভিশন সাংবাদিকের বাসায় এ ধরনের হামলা কোনোভাবেই সমীচীন নয়। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট৭১নিউজ /টিআ