• সিলেট, সকাল ৬:৩৬, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুড়িতে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
জুড়িতে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত একাধিক

সিলেট৭১নিউজ ::মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।আজ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে ।

এ সময় হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক মারধর চালায় বলে দাবি করেছে জামায়াত। এতে অন্তত কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত তারেক রহমান জানান, হামলার সময় চাকু দিয়ে দুইজনকে আঘাত করা হয়। এছাড়াও দেশীয় অস্ত্রের আঘাতে আরও কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনেও পৃথক ঘটনায় আরও তিনজন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। আহত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “মিঠুর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাই।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় গিয়ে টাকা বিতরণের চেষ্টা করেন। এতে তার নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি দাবি করেন, “আমার বাসার সামনেও হামলার চেষ্টা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি।”

অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বলেন, “আমাদের প্রধান এজেন্টসহ কয়েকজন নেতাকর্মীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। নির্বাচন বানচাল করতেই এই আক্রমণ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, তাদের সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানও হামলার অভিযোগ তুলে বলেন, “নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বেই আমাদের ওপর হামলা হয়েছে। আমিও তাদের হামলায় আহত হয়েছি।”

ঘটনার বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ দস্তেগীর জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সহিংসতার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিলেট ৭১নিউজ /জুড়ির সময়/টিআর