বড়লেখায় চুরির মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬ স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চোরাই মালামাল উদ্ধার।
মোঃ নজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।
মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বড়লেখা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাতে বড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, মামলার রহস্য উদ্ঘাটন ও চোরাই মালামাল উদ্ধারে বড়লেখা থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন, দুটি কানের দুল, একটি গলার হার এবং চোরাই স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন প্রায় ১১ ভরি ২ আনা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।