বড়লেখায় প্রিজম ফাউন্ডেশন স্কুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষার প্রসারে প্রবাসীদের বিনিয়োগ, রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়
মোঃ নজরুল ইসলাম, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় প্রিজম ফাউন্ডেশন বড়লেখা (লন্ডন-বাংলা স্কুল)-এর উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ আহমদ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মঞ্জুআরা বেগম জুবিলী ও অভিভাবক হাজী আলাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, এলাকার শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী উদ্যোক্তারা বিদ্যালয়ে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন। একটি মানসম্মত, শিক্ষাবান্ধব ও রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তাঁরা।
সভায় বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিদ্যালয়ের অন্যতম পরিচালক ও বড়লেখা ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রয়াত সুভাষ চন্দ্র দেবনাথের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। করোনাভাইরাস মহামারির কারণে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার পর ২০২২ সালের জানুয়ারি থেকে পুনরায় পাঠদান শুরু হয়। বর্তমানে বিদ্যালয় পরিচালনায় ১৮ জন পরিচালক রয়েছেন, যাঁদের অধিকাংশই যুক্তরাজ্যপ্রবাসী।
সভায় আবদুন নূর, আবদুল মতিন, ফরিজ আলী, সিনিয়র সাংবাদিক আবদুর রব, চ্যানেল এস-এর প্রতিনিধি নজরুল ইসলাম, হাজী আলাউদ্দিন, তাজ উদ্দিন, তারেক আহমদ, শাহেদ আহমদ, মাহতাব উদ্দিন, ফখরুল ইসলাম, ফারুক আহমদ ও আবদুল আহাদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন বেলাল আহমদ ও ইলিয়াস আহমদ। তাঁরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি বিদ্যালয়ের সাফল্য কামনা করেন এবং শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।