• সিলেট, বিকাল ৪:৪৯, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

​বড়লেখার উত্তর শাহবাজপুরে নতুন নেতৃত্বের প্রত্যাশা: ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ভোটারদের ভাবনা

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
​বড়লেখার উত্তর শাহবাজপুরে নতুন নেতৃত্বের প্রত্যাশা: ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ভোটারদের ভাবনা

​বড়লেখার উত্তর শাহবাজপুরে নতুন নেতৃত্বের প্রত্যাশা: ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ভোটারদের ভাবনা

​মোঃনজরুল ইসলাম বড়লেখা মৌলভীবাজার।।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে বইছে পরিবর্তনের হাওয়া। সাধারণ ভোটারদের সাথে আলাপকালে জানা গেছে, তারা এবার ইউনিয়ন পরিষদে নতুন মুখ দেখতে চান। তবে প্রার্থীর যোগ্যতার মাপকাঠিতে তারা সৎ, মেধাবী ও জনদরদী ব্যক্তিত্বকেই প্রাধান্য দিচ্ছেন।

​নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে তৎপর হয়ে উঠেছেন। ভোটারদের মনোযোগ আকর্ষণে নানাভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। তবে আসন্ন এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সম্ভাবনা থাকায় ভোটারদের মাঝে স্বস্তির পরিবেশ লক্ষ্য করা গেছে। দলীয় বলয়ের বাইরে গিয়ে পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার সুযোগ তৈরি হওয়ায় তারা উৎফুল্ল।

​ইউনিয়নের বাসিন্দারা জানান, অতীতের অনেক প্রার্থী একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হলেও ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। ইউনিয়নের অনেক রাস্তা এখনো কাঁচা এবং বিভিন্ন স্থানে ব্রিজের অভাবে জনসাধারণের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া, প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে শিক্ষাক্ষেত্রেও ইউনিয়নটি বেশ পিছিয়ে রয়েছে। তাই এবার এলাকাবাসী এমন একজনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, যিনি এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

​নির্বাচনে প্রার্থী হিসেবে যারা আলোচনায় আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক চেয়ারম্যান আকবর আলী, বর্তমান চেয়ারম্যান রফিক উদ্দিন, বিএনপি নেতা আব্দুস শহীদ খান, পেশাজীবী হাসান শামীম, সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, দলিল লেখক তাজ উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল হুসেন এবং মুফতি আব্দুল্লাহ।