• সিলেট, রাত ২:৩৯, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার, বড়লেখা (মৌলভীবাজার):
মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে ওঠে এক প্রাণবন্ত সন্ধ্যা। ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান রোববার রাত ৮টায় নেহার মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীন। এ সময় তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ‘সময়চিত্র’ পত্রিকার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলের সঞ্চালনায় এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল উদ্দিন, মাথিউরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম শামছুল আলম, মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন, সময়চিত্র’র বড়লেখা প্রতিনিধি সেলিম চৌধুরী, সমাজসেবক আতাউর রহমান, হিফজুর রহমান, মুজিবুর রহমান, শিক্ষক বেলাল আহমদ চৌধুরী এবং সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদির রাজুসহ আরও অনেকে।
বক্তারা ‘সময়চিত্র’ পত্রিকার এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পত্রিকাটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রধান অতিথি আব্দুর রহমান শাহীনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে জিসান প্রিন্টার্সের পক্ষ থেকে সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি আব্দুর রহমান শাহীন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।