স্টাফ রিপোর্টার:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও শুরু হয়েছে পাথর লুটপাট। দেশের অন্যতম নান্দনিক পর্যটন স্পট জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রতিদিন সন্ধ্যা নামলেই নৌকাযোগে সংঘবদ্ধ একটি চক্র পাথর উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। এতে ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ছে প্রকৃতি কন্যা জাফলংয়ের অপরূপ সৌন্দর্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আঁধারে নিয়মিতভাবে নদী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে। বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জিরো পয়েন্ট এলাকায় পাথর লুটপাট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এসব তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকর্মীরা পাথর উত্তোলনের সত্যতা পান।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং বিট পুলিশ এসআই হান্নান ও সহকারী বিট পুলিশ এএসআই মোবারক হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। পরে এএসআই মোবারক হোসেন ফোন ব্যাক করলে বিষয়টি জানানো হলে তিনি নামাজের কথা বলে ফোনটি রেখে দেন।
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে পাথর লুটপাটের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে এলাকার একাধিক খেটে খাওয়া শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন সরকারি নিষেধাজ্ঞার কথা বলে দীর্ঘদিন ধরে আমাদের পাথর তোলার কাজ বন্ধ করে রেখেছে। এতে আমরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছি। অথচ রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র নির্বিঘ্নে নৌকাযোগে পাথর লুটপাট চালিয়ে যাচ্ছে। প্রশাসন যদি সত্যিই কঠোর হতো, তাহলে এভাবে অবৈধভাবে পাথর উত্তোলন সম্ভব হতো না।
স্থানীয়দের দাবি, জাফলংয়ের পরিবেশ ও পর্যটন স্পট রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হক।