• সিলেট, ভোর ৫:৩২, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় দায়িত্ব শেষে প্রাপ্য টাকা ‘উধাও’—গোয়াইনঘাটে আনসার কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
রাষ্ট্রীয় দায়িত্ব শেষে প্রাপ্য টাকা ‘উধাও’—গোয়াইনঘাটে আনসার কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও গোয়াইনঘাট-এ নির্বাচনী দায়িত্ব পালনকারী একাধিক আনসার সদস্যের সম্মানি ভাতা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় এক কমান্ডার।

ভুক্তভোগী আনসার সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে সরকার নির্ধারিত হারে সম্মানি ভাতা প্রদান করার কথা থাকলেও অনেকেই এখনো পূর্ণ অর্থ পাননি। কারও অভিযোগ—নির্ধারিত অঙ্কের চেয়ে কম টাকা দেওয়া হয়েছে, আবার কাউকে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরানো হচ্ছে।

একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আমাদের কষ্টের মূল্য দিয়েছে। কিন্তু মাঝপথে সেই টাকা কেটে নেওয়া হয়েছে। আমরা রোদ-বৃষ্টি, ঝুঁকি উপেক্ষা করে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছি। এখন আমাদের প্রাপ্য সম্মানিই যদি আত্মসাৎ হয়, তাহলে এটা শুধু অন্যায় নয়—বিশ্বাসভঙ্গ।”

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কমান্ডারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বচ্ছতার ঘাটতি এবং প্রাপ্য অর্থ গোপনে আত্মসাতের অভিযোগ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।

সচেতন মহলের প্রশ্ন—নির্বাচনের মতো স্পর্শকাতর রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী বাহিনীর সদস্যদের প্রাপ্য সম্মানি যদি নিরাপদ না থাকে, তাহলে মাঠপর্যায়ে শৃঙ্খলা, মনোবল ও আস্থার পরিবেশ কীভাবে টিকবে?

ভুক্তভোগীরা দ্রুত তদন্ত কমিটি গঠন, আর্থিক লেনদেনের নিরপেক্ষ অডিট এবং দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়—অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রশাসন কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।

সিলেট৭১নিউজ/টিআর/আই আ